রাঙামাটিতে রেকর্ড জয় ধানের শীষের
দুই লাখের বেশি ভোটে দীপেন দেওয়ান
আবদুল হাই খোকন : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি- ২৯৯ সংসদীয় আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন দীপেন দেওয়ান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট।
জেলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে দেখা হচ্ছে। রাত পৌনে তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। ঘোষিত ফল অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা (কোদাল) পেয়েছেন ১ হাজার ৭১ ভোট এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. আবুল বাশার বাদশা (ট্রাক) পেয়েছেন ৪৪৯ ভোট।
একটি পোস্টাল কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রদত্ত মোট ভোট ২ লাখ ৭৩ হাজার ৭৯৯। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৬৩ হাজার ৬৪৭ এবং বাতিল ১০ হাজার ১৫২। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও ছিল উল্লেখযোগ্য অংশগ্রহণ। মোট ভোট পড়েছে ২ লাখ ৭৫ হাজার ৮২টি। বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫০৪, বাতিল ২৩ হাজার ৫৭৮।
হ্যাঁ পক্ষে পড়েছে ৭১ হাজার ৬৯৯ এবং“না পক্ষে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ ভোট। বড় ব্যবধানে জয়ের পর দলীয় নেতাকর্মীরা একে ‘জনতার স্পষ্ট বার্তা’ বলে মন্তব্য করেছেন। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মধ্য দিয়ে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
বিআলো/আমিনা



