রাঙ্গামাটিতে একসঙ্গে মুখোমুখী চার প্রার্থী, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি
পলাশ চাকমা, পার্বত্য অঞ্চল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মুখোমুখি হয়েছে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের প্রার্থীরা। এসময় প্রার্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ বাজায় রাখার পাশাপাশি, নির্বাচিত হলে সবার মতামত ও সৌহার্দ্য বজায় রেখে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি এবং আগামী সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া বিজয়ী প্রার্থী অন্যান্য সকল প্রতিদ্বন্দ্বী প্রাথীর সাথে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণাও দেন। একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল দশটা থেকে দুপুর বারটা পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সুজন জেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাদের পরিকল্পনা শুনা এবং ভোটারদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন।
অনুষ্ঠানে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সাত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে চারজন একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সূচনা করেন। তারা হলেন বিএনপি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত নারী প্রার্থী জুঁই চাকমা, গণ অধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার বাদশা ও জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার উপস্থিত ছিলেন।
সুজনের রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি অ্যাড. দীননাথ তংচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজনের রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় এতে সুজনের জনগণের মুখোমুখী কর্মসূচি সর্ম্পকে অবহিত করেন অ্যাড. ককসি তালুকদার। অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ৫০ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
বিআলো/আমিনা



