রাশিয়ায় বিলাসী নির্বাসনে সাবেক সিরীয় প্রেসিডেন্ট
আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার ক্ষমতা হারানোর এক বছর পর রাশিয়ার রাজধানী মস্কোয় বিলাসবহুল কিন্তু নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল-আসাদ। এক বছর পর ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, মস্কোয় তার বর্তমান জীবনের নানা দিক।
প্রতিবেদন অনুযায়ী, আসাদ পরিবার নিয়ে মস্কোর পশ্চিমাঞ্চলের অভিজাত রুবলিওভকা এলাকায় বসবাস করছেন। এটি রাশিয়ার শীর্ষ রাজনীতিক ও ধনকুবেরদের আবাসস্থল হিসেবে পরিচিত। যদিও তারা আর্থিকভাবে সচ্ছল, তবুও রুশ কর্তৃপক্ষের কঠোর নজরদারির মধ্যে রয়েছেন এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ সীমিত।
একসময় লন্ডনে প্রশিক্ষণপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ আসাদ বর্তমানে রুশ ভাষা শেখার পাশাপাশি আবারও চক্ষুবিজ্ঞানে পড়াশোনা করছেন। ধারণা করা হচ্ছে, তিনি ভবিষ্যতে ব্যক্তিগতভাবে চিকিৎসা পেশায় যুক্ত হতে পারেন।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন দমনের সময় পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হলে আসাদ পরিবারের বিপুল সম্পদ রাশিয়ায় সরিয়ে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। তবে বর্তমানে ক্রেমলিনের কাছে তিনি আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এলব্রুস কুত্রাশেভ জানিয়েছেন, আসাদ নিরাপদে আছেন, তবে তাকে রাজনৈতিক বা গণমাধ্যম কার্যক্রমে অংশ নিতে দেওয়া হচ্ছে না।
মস্কোয় এসে স্ত্রী আসমা আল-আসাদের ক্যানসার চিকিৎসাকে কেন্দ্র করে পরিবারটি আবার একত্রিত হয়। চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। আসাদের সন্তানেরা ইতোমধ্যে মস্কোর জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।
বিআলো/শিলি



