শেষ মুহূর্তে কুমিল্লা-৯ আসনে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই
মাসুদ পারভেজ রনি, কুমিল্লা (লাকসাম) : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে শেষ মুহূর্তে নির্বাচনী উত্তাপ তীব্র হয়েছে। বিএনপি প্রার্থী মো. আবুল কালাম ও ১১ দলীয় জোটের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দাপিয়ে চলেছেন।
ফুটবল প্রতীক প্রার্থী সামিরা আজীম দোলা ভোট বর্জন করে ধানের শীষের পাশে দাঁড়ানোয় নির্বাচনী মাঠে উত্তাপ আরও বেড়েছে। কুমিল্লা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২৯৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার রয়েছেন ১১ হাজার ১১৬ জন। আসনে দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ১৩৪টি কেন্দ্রে ৯৬৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার পর্যন্ত মাঠ পর্যায়ের জরিপ ও তরুণ ভোটারের সমর্থন বিশ্লেষণে বিএনপি প্রার্থী মো. আবুল কালাম এগিয়ে রয়েছেন।
লাকসাম ও মনোহরগঞ্জ এলাকায় ঐতিহ্যগতভাবে বিএনপির দূর্গ থাকায় তিনি বাড়তি সুবিধা পাচ্ছেন। ১১ দলীয় জোটের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকিও নিয়মিত গণসংযোগ ও পথসভা চালিয়ে নিজের অবস্থান দৃঢ় করছেন। সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জনপ্রিয়তা থাকায় ভোটের মাঠে তিনি সমর্থন জোগাচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সেলিম মাহমুদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আবু বকর সিদ্দিকও ভোটারদের মন জয় করতে মাঠে সরব। সকাল থেকে রাত পর্যন্ত দুই উপজেলায় গণসংযোগ করছেন তারা। এবার কাগজের পোস্টারের পরিবর্তে প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয়।
ফেসবুক, ইউটিউব, শর্ট ভিডিও এবং গ্রাফিক পোস্টের মাধ্যমে তরুণ ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে। গান, ছন্দ ও লিরিকের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে দলগুলো। জাতীয় পার্টি প্রার্থী প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী (ছড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাসেম (হাঁস) প্রচারণায় অনুপস্থিত। তাদের প্রার্থিতা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে না।
বিআলো/আমিনা



