শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেকারি কারখানা ধ্বংস
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেকারি কারখানা ও পাশের কলার গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত চিশতিয়া বেকারি কারখানায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে তিনজন অবস্থান করছিলেন। আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু হলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তীব্র তাপে বেকারির অংশীদার আল-আমিনের ডান হাত ঝলসে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে বেকারি কারখানার দুটি জেনারেটর, মিক্সার মেশিন, রুটি ও কেক তৈরির একাধিক মেশিন সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মজুদ থাকা বিপুল পরিমাণ ময়দা, চিনি, ডালডা ও ইস্ট নষ্ট হয়ে যায়। কর্মীদের বেতনের জন্য রাখা নগদ ২০ লাখ টাকাও আগুনে পুড়ে গেছে। আগুনের তীব্রতায় পাশে থাকা একটি কলার গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।
এতে প্রায় পাঁচ শতাধিক কলার কাদি পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ঘটনার পর শ্রীপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
বিআলো/আমিনা



