সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গেজেট প্রকাশ
বিআলো ডেস্ক: রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ প্রকাশ করে।
এতে বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে তারা নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে।
এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আসছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
শিক্ষকদের আপত্তির মুখে খসড়া অধ্যাদেশে প্রস্তাবিত ‘স্কুলিং কাঠামো’ বাদ দিয়ে কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অবশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর দুই সপ্তাহের মধ্যে অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ পেল।
বিআলো/শিলি



