সিডনি বন্দুক হামলা: নিহত হামলাকারীদের একজন ভারতীয়
আর্ন্তজাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলায় নিহত দুই হামলাকারীর একজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। নিহত ওই ব্যক্তির উগ্রবাদী চিন্তাধারার বিষয়ে তার পরিবার সম্পূর্ণ অজ্ঞাত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নিহত দুই হামলাকারীর একজন ভারতের নাগরিক ছিলেন বলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহত ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০), যিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, সাজিদ আকরাম ১৯৯৮ সালের নভেম্বরে কর্মসংস্থানের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান। তিনি হায়দরাবাদে বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছিলেন এবং পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয় ও মা-বাবার সঙ্গে সাক্ষাতের জন্য তিনি ছয়বার ভারত সফর করেছিলেন।
হামলার সময় সাজিদের সঙ্গে অংশ নেন তার ছেলে নাভিদ আকরাম। এই হামলায় এখন পর্যন্ত সাজিদসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। ঘটনাটিকে অস্ট্রেলিয়ার প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তেলেঙ্গানা রাজ্য পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাজিদের পরিবার তার কোনো উগ্রপন্থী বা সহিংস মতাদর্শ সম্পর্কে অবগত ছিল না। ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে কোনো নেতিবাচক রেকর্ডও পাওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, এই হামলার সঙ্গে ভারতের কোনো সংগঠন বা স্থানীয় কোনো প্রভাবের সংশ্লিষ্টতা নেই।
এদিকে অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, গত মাসে সাজিদ ও তার ছেলে নাভিদ ফিলিপাইন সফর করেছিলেন, সাজিদ ভারতীয় পাসপোর্ট এবং নাভিদ অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করেন। ওই সফরের উদ্দেশ্য এবং সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা তদন্তাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের প্রমাণ মেলেনি।
হামলার পর ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলো। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



