অর্থ বিতরণের অভিযোগ নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ বিএনপির
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা চেয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন টকশোতে বক্তব্য রাখা ব্যক্তিদের কেউ কেউ ভোটারদের অর্থ দিচ্ছেন এমন তথ্য তাদের কাছে এসেছে।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বিএনপির প্রতিনিধিদল কমিশনকে বিষয়টি মনিটরিংয়ের আহ্বান জানায়।
নজরুল ইসলাম খান বলেন, অনিয়ম বা বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গণমাধ্যমে ব্যালট পেপার ও সিল জব্দ হওয়ার খবর প্রকাশ পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা আগে থেকে নজরে না আসা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত। তবে এখন পর্যন্ত নির্বাচন বানচালের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে আশা প্রকাশ করেন তিনি।
বিআলো/শিলি



