আগামীকাল সকাল থেকে প্রচারণা বন্ধ, ১২ ফেব্রুয়ারি ভোট
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ করতে হয়। সে অনুযায়ী গত ২২ জানুয়ারি শুরু হওয়া প্রচারণা মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সঙ্গে সঙ্গে শেষ হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ওই সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।
ইসি সূত্র জানায়, দেশের ৪৯টি জেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে এবং বাকি জেলাগুলোতে রোববারের মধ্যেই পাঠানো শেষ হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৯ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
বিআলো/শিলি



