আমরাই তার মা, আমরাই তার বাবা” ঢাকা-১৭–এ বস্তিবাসী নারীদের আবেগঘন ভালোবাসায় তারেক রহমান
ফ্যামিলি কার্ডের আশায় নয়, ভালোবাসার টানে তারেক রহমানের পাশে বস্তিবাসীরা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী রাজনীতিতে যেখানে প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে ঢাকা-১৭ আসনের বস্তিবাসী নারীদের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর—ভালোবাসা, আস্থা আর পরিবার হয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয়। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও স্থায়ী আবাসনের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে তারেক রহমানকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণের ঘোষণা দিলেন তারা। ধানের শীষে ভোট দিয়ে শুধু প্রতিনিধি নয়, আপন মানুষকে ক্ষমতায় দেখতে চান এই বস্তিবাসীরা।
ঢাকা-১৭ আসনের ২০ নম্বর ওয়ার্ডের আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সাততলা এলাকায় স্থানীয় নারী সমর্থকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাততলা বস্তিবাসী সেলিনা রহমান বলেন,
“সবাই যখন আমাদের কাছে ভোট চাইতে আসে, আমরা তাদের বলি—আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই। তারেক রহমান আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আমরা আজ বলতে চাই, আমরাও ধানের শীষে ভোট দিয়ে তার পরিবারের সদস্য হয়ে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের মা নাই, বাবা নাই—আমরাই তার মা, আমরাই তার বাবা। আমরা তাকে ভালোবাসার আসনে বসাতে চাই। ১৭ আসনে তাকে জিতিয়ে প্রধানমন্ত্রী করতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম—প্রধান সমন্বয়ক, নির্বাচনী আসন-১৯০ (ঢাকা-১৭) ও উপদেষ্টা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া ঢাকা-১৭ নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধানের শীষেই ভাগ্য পরিবর্তনের পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুস সালাম বলেন, “জন্মের সময় আল্লাহ নির্দিষ্ট করে পাঠান না কে ধনী হবে আর কে গরিব হবে। নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন।”
তিনি বিএনপির শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সুযোগ্য রাষ্ট্রনায়ক। খাল খনন, গার্মেন্ট শিল্পের প্রসার, বিদেশে শ্রমশক্তি রপ্তানি—সবই তার অবদান। বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে নারীবান্ধব প্রকল্প চালু করেছেন—মেয়েদের মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, উপবৃত্তি প্রদান ও নারীর সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান নারীদের জন্য নতুন করে ফ্যামিলি কার্ড এবং সুচিকিৎসার জন্য হেলথ কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতেও ধানের শীষ নারীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আত্মমর্যাদার পক্ষে কাজ করেছে।”
ডা. ফরহাদ হালিম ডোনার: পূর্ণবাসন নয়, স্থায়ী বসবাস
ঢাকা-১৭ নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “তারেক রহমান আপনাদের পূর্ণবাসন করতে চান না, তিনি আপনাদের স্থায়ী বাসিন্দা করতে চান। ভাষানটেক, কড়াইল ও সাততলা বস্তির মানুষদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে চান।”
তিনি বলেন, “স্থায়ী আবাসন হলে সেখানে থাকবে স্কুল, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্রসহ সব ধরনের সুযোগ-সুবিধা। যারা গুলশানে থাকেন তারা গুলশানবাসী, বনানীতে থাকলে বনানীবাসী—ঠিক তেমনি আপনারাও গর্ব করে বলতে পারবেন, আমরা সাততলাবাসী, আমরা কড়াইলবাসী।”
নারীদের জীবনমান উন্নয়নে ধানের শীষে ভোটের আহ্বান
সভায় বক্তারা বলেন, গৃহকর্মী, গার্মেন্টকর্মীসহ কর্মজীবী নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ধানের শীষই সবচেয়ে আস্থার প্রতীক। একটি সুন্দর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
বিআলো/তুরাগ



