ইরানে নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর হামলা, নিহত ৪
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন।
ইরানের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে সশস্ত্র সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার ভোরে জাহেদান–ফাহরাজ সড়কে অবস্থিত একটি নিরাপত্তা চেকপোস্টে এই ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা মেহেরের বরাতে জানানো হয়েছে, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা চেকপোস্টে হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে তিন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুলিতে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
বিআলো/শিলি



