উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
আর্ন্তজাতিক ডেস্ক: চরম উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে আলোচনায় বসতে যাচ্ছে। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের পরিকল্পনা থাকলেও তেহরানের অনুরোধে স্থান পরিবর্তন করা হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়াশিংটন যেখানে পরমাণু কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক তৎপরতা ও মানবাধিকার ইস্যু আলোচনায় আনতে চায়, সেখানে তেহরান স্পষ্ট করে জানিয়েছে তারা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু কার্যক্রম নিয়েই আলোচনা করবে।
এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশরের উদ্যোগে একটি মধ্যস্থতাকারী প্রস্তাব সামনে এসেছে। প্রস্তাব অনুযায়ী, ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং মজুত ইউরেনিয়াম বিদেশে পাঠাবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অনাক্রমণ চুক্তি সইয়ের কথা বলা হয়েছে।
একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন এই বৈঠককে সংঘাত এড়ানোর সম্ভাব্য পথ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আলোচনার এজেন্ডা নিয়ে দুই পক্ষের অনড় অবস্থান বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে। তথ্যসূত্র: রয়টার্স
বিআলো/শিলি



