উৎসবের আবহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্ধারিত সময়ের আগেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। ভোর থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও রাজধানীসহ বিভিন্ন স্থানে ভোটাররা তার আগেই কেন্দ্রে হাজির হন। অনেক কেন্দ্রে সকাল ৭টার আগেই মূল ফটকে দীর্ঘ সারি দেখা যায়। এ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা।
দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রিসাইডিং কর্মকর্তারা। এরপর রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ফল প্রকাশ করবে। শুক্রবার সকাল নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে ইসি। ভোট চলাকালে চার দফায় ভোট পড়ার হার জানানো হবে।
এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় মূল লড়াই ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের ভবিষ্যৎও এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুলনামূলক বেশি। তবে বড় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং কিছু স্থানে সহিংসতার আশঙ্কার কথাও সামনে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে রয়েছে সেনাবাহিনীসহ ৯ লাখ ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে, যার মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।
নির্বাচনে অংশ নিচ্ছে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮১ জন। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে।
এর আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন এবং ফলাফলকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
নির্বাচন পর্যবেক্ষণে দেশ-বিদেশের প্রায় সাড়ে পাঁচশ পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন। ইসি আশা করছে, সুষ্ঠু ভোটগ্রহণ হলে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না।
বিআলো/শিলি



