ঋতু পরিবর্তনে কাশি কমাতে ঘরোয়া উপায়
নিজস্ব প্রতিবেদক: ঋতু পরিবর্তনের সময় কাশি ও ঠান্ডাজনিত সমস্যা অনেকের জন্যই পরিচিত এক ভোগান্তি। বারবার ওষুধ বা চিকিৎসকের শরণাপন্ন না হয়ে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে হালকা কাশিতে স্বস্তি পাওয়া সম্ভব।
শীত শেষে গরমের শুরুতে আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়ে শরীরের ওপর। বিশেষ করে কাশি একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়ায়।
এই সময় আদা চা হতে পারে উপকারী। আদার প্রাকৃতিক উপাদান কফ কমাতে সাহায্য করে এবং গলা আরাম দেয়। একই সঙ্গে এটি হজমের জন্যও ভালো।
মধু কাশি ও গলা ব্যথা প্রশমনে কার্যকর। হালকা গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া কিংবা সরাসরি এক চামচ মধু খেলে উপকার পাওয়া যায়।
তুলসি পাতা কাশি কমাতে বহুল ব্যবহৃত একটি ঘরোয়া উপাদান। পাতা চিবিয়ে খাওয়া বা চায়ের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি গরম দুধে হলুদ মিশিয়ে রাতে খেলে কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় স্বস্তি মেলে।
তবে কাশি দীর্ঘদিন স্থায়ী হলে বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিআলো/শিলি



