এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হিসেবে উল্লেখ করে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনই তার শেষ লড়াই। পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মির্জা ফখরুল তার বার্তায় লিখেছেন, একজন পরিচিত মানুষ ও আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো সুযোগ চান তিনি, যাতে ভোটারদের অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়নের চেষ্টা করতে পারেন।
তার এই বক্তব্যকে অনেকেই একজন অভিজ্ঞ রাজনীতিবিদের ব্যক্তিগত অনুভূতি ও দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষ ইচ্ছার প্রকাশ হিসেবে দেখছেন। বিশেষ করে ঠাকুরগাঁও অঞ্চলে তার সঙ্গে ভোটারদের দীর্ঘদিনের সম্পর্কের কথাই তিনি সামনে এনেছেন।
ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর আবেগী আবেদন নির্বাচনি প্রচারণায় নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই আহ্বান ভোটের মাঠে কী প্রভাব ফেলে।
বিআলো/শিলি



