এপস্টেইন ফাইল: গেটসকে ঘিরে নতুন বিতর্ক
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথিতে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ঘিরে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন গেটস।
নথিতে দাবি করা হয়, রাশিয়ার কিছু নারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে গেটস একসময় যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময় ওষুধ সংগ্রহে তাকে সহায়তা করেছিলেন কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন। এসব তথ্য প্রকাশের পর বিল গেটসের পক্ষ থেকে তা কঠোরভাবে অস্বীকার করা হয়।
গেটসের এক মুখপাত্র বলেন, নথিগুলো আসলে প্রমাণ করে যে এপস্টেইন গেটসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ ছিলেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন।
বিচার বিভাগ প্রকাশিত এই নথির পরিমাণ প্রায় ৩০ লাখ পৃষ্ঠা। এর সঙ্গে রয়েছে দুই হাজারের বেশি ভিডিও এবং প্রায় এক লাখ ৮০ হাজার ছবি। এসব নথির মধ্যে একটি খসড়া বিবৃতিও পাওয়া গেছে, যা গেটসের সাবেক বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা বরিস নিকোলিচের নামে লেখার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গেটস এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এক ইমেইলে এপস্টেইন লিখেছিলেন, দীর্ঘদিনের যোগাযোগ থাকা সত্ত্বেও গেটস তাকে উপেক্ষা করেছেন।
এর আগে ২০২১ সালে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস স্বীকার করেছিলেন, এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ ছিল বড় ভুল। গেটস ফাউন্ডেশনের জন্য অনুদানের আশায় কয়েকটি নৈশভোজে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
এপস্টেইনের সঙ্গে সম্পর্কই গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিআলো/শিলি



