কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানে ড্যাফোডিল পলিটেকনিকে চাকরির মেলা
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর বাবুরহাটে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ‘চাকরির মেলা ২০২৬’ শীর্ষক এক কর্মসংস্থান মেলা শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। Empowering Engineers, Connecting Careers স্লোগানে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসংস্থানের সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আজিজুল হক। তিনি বলেন, আজকের এই চাকরির মেলা কেবল একটি অনুষ্ঠান নয় এটি একটি স্বপ্নপথের সূচনা। বর্তমান যুগে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই ভবিষ্যতের চাবিকাঠি। এই মেলায় উপস্থিত প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে এমন একটি সোপান তুলে দিচ্ছে যার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে, নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আত্মবিশ্বাস ও নৈতিক দক্ষতা বৃদ্ধি করবে।
যত্নসহকারে প্রস্তুত করা একটি রেজুমে চাকরির বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা শুধু চাকরির সুযোগই খুঁজে পাবে না বরং আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা, নেতৃত্বের গুণাবলি এবং সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করবে। উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নে দক্ষ কারিগরি জনবলই প্রধান চালিকাশক্তি।
তাই বাস্তব অভিজ্ঞতা অর্জন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নতুন ধারণার সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ মেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, বাবুরহাট আশিকাটি শাখার সভাপতি সেলিম মিয়া।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক সিনথিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল পলিটেকনিক ইনস্টিটিউট আন্ডার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ডেপুটি ডিরেক্টর কে. এম. পারভেজ ববি, চাঁদপুর ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান, চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ চৌধুরী, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম ফরহাদ,
ডিআইইটি পলিটেকনিক ইনস্টিটিউটের মো. আব্দুল হাকিম, মুন্সিরহাট হাই স্কুলের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর মেরিন একাডেমির ইন্সট্রাক্টর রবিন মিত্র এবং হাজিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মো. সাহাজালাল।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সুবিধার্থে মেলা কেন্দ্রে মোট ২০টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে বিভিন্ন কোম্পানি সরাসরি চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। শিক্ষার্থীরা রেজুমে জমা দিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এবং স্কিলজবসের কৌশলগত সহযোগিতায় চাকরির মেলাটি সফলভাবে অনুষ্ঠিত হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি চাকরির বাজার সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে সক্ষম হন।
বিআলো/আমিনা



