কাল থেকে সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা
বিআলো ডেস্ক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী নয় মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। ফলে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না।
সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত দ্বীপে পর্যটনের অনুমতি থাকলেও, পরিবেশগত ঝুঁকি বিবেচনায় এবার সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এই ৯ মাসকে ‘রিকভারি পিরিয়ড’ হিসেবে ধরা হবে, যাতে প্রবাল, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া ও বিরল প্রজাতির পাখিরা স্বাভাবিক আবাস ফিরে পাওয়ার সুযোগ পায়। এর আগে সৈকতে আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, প্লাস্টিক ব্যবহার এবং মোটরযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব জানান, শনিবারই শেষবারের মতো পর্যটক নিয়ে জাহাজ চলাচল করবে। পরবর্তী সিদ্ধান্ত সরকারের নির্দেশনার ওপর নির্ভর করবে।
বিআলো/শিলি



