খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ১১টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজসংলগ্ন প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এরপর দুপুর ১টায় খুলনা থেকে যশোরের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। বেলা ১টা ৪০ মিনিটে যশোর নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তিনি। সবশেষ বেলা ২টা ৪০ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে।
খুলনা ও যশোর বিএনপির নেতারা আশা করছেন, জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পকারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, আইটি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে দিকনির্দেশনা দেবেন দলের চেয়ারম্যান।
খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনাসহ আশপাশের জেলাগুলোতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল জানান, প্রায় দুই দশক পর তারেক রহমান খুলনা সফরে আসছেন, যা নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, জনসভায় প্রায় দুই লাখ মানুষের সমাগমের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর থেকেই বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেবেন।
বিআলো/শিলি



