গাজীপুরে ব্যালট বিতরণ রবিবার
মো. মনির হোসেন, গাজীপুর : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার বিতরণ করা হবে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচনী মালামাল গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থাসহ (পুলিশ ফোর্স) নিজে অথবা অফিশিয়াল সিলযুক্ত ক্ষমতাপত্রসহ প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে চিঠিতে।
এর আগে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করার কথা বলা হয়েছিল। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানানো হয় চিঠিতে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এখন ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিআলো/আমিনা



