গ্রামীণ উন্নয়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চায় বাইসস
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিস্তৃত কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সামাজিক সচেতনতা ও গণজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাইসসের প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র গোলাম সারওয়ার মিলন বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছে। এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে উৎপাদন বাড়ানো জরুরি, আর তার জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও দৃঢ় প্রত্যয়।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সম্পৃক্ত করা গেলে দেশব্যাপী তরুণ-তরুণীসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শক্তিশালী গণজাগরণ সৃষ্টি করা সম্ভব।
বাইসসের চেয়ারম্যান লে. জে. (অব.) ড. চৌধুরী হাসান সরওয়ার্দী, বীরবিক্রম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর। প্রায় ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ সদস্য তৃণমূল পর্যায়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। তাদের দক্ষ করে গড়ে তুলতেই ২০২৬ সালে বাইসসের গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।
সংগঠনের মহাসচিব মুহাম্মদ শাহজাহান সম্রাট বলেন, দেশের ৪ হাজার ৫৭৯টি ইউনিয়ন পরিষদের প্রায় ৫৫ হাজার নারী-পুরুষ সদস্য দীর্ঘদিন ধরে তৃণমূল সমাজ ব্যবস্থাপনায় ভূমিকা রাখলেও তাদের অবদান যথাযথ স্বীকৃতি পায়নি। বাইসস সেই শূন্যতা পূরণে কাজ করছে।
তিনি জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, এগ্রোফার্ম বিস্তার, গবাদিপশু ও মৎস্য খাত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাইসস দেশব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে “গণভোটে হ্যাঁ ভোট দিন” শীর্ষক সেমিনার ও প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাইসস নেতারা আশা প্রকাশ করেন, ইউনিয়ন পরিষদ সদস্যদের সম্পৃক্ত করে পরিচালিত এই উদ্যোগ জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
বিআলো/শিলি



