চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী পথসভা, প্রতিটি উপজেলায় কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ করা হবে : মাহমুদ হাসান খান বাবু
মিরাজুল ইসলাম মিরাজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের বিজয় হলে প্রতিটি উপজেলায় কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ করা হবে।
কৃষকরা যেনো তাদের উৎপাদিত পণ্য সেখানে সংরক্ষণ করতে পারেন। ‘কৃষক কার্ড’ প্রদানের মাধ্যমে কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি উপকরণে নানা সুবিধা নিশ্চিত করা হবে। সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে কৃষিঋণ। কৃষি গবেষণার জন্য একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে চুয়াডাঙ্গায়।
রবিবার বিকেলে দামুড়হুদা, উপজেলার হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনি পথসভা ও প্রচারণায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে । এই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে।
এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে যেন জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া যায়। এছাড়া কর্মসংস্থান নিশ্চিত করে বেকার সমস্যার সমাধান করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আত্মনির্ভরতার পথে নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
বিআলো/আমিনা



