• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টাঙ্গাইল-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 

     dailybangla 
    01st Feb 2026 8:30 pm  |  অনলাইন সংস্করণ

    মো. আশরাফুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ১৩২ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় ঐক্যজোটের সৃষ্টি হয়েছে। তার ভাষায়, এই জোট কোনো স্বার্থান্বেষী সমঝোতা নয় বরং এটি শহীদদের রক্তের দায় থেকে গড়ে ওঠা একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক উদ্যোগ।

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ১১ দলীয় জোট তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করেছে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি শাপলা গণহত্যা ও বিডিআর গণহত্যার বিচার দেশের মাটিতেই সম্পন্ন করা হবে। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি।

    ইনশাআল্লাহ এই বিচারগুলো এ দেশেই বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, জোটের ইশতেহারে তরুণ প্রজন্মকে শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে যাতে তারা দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

    তার মতে, তরুণদের সংগঠিত ও প্রশিক্ষিত করতে না পারলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়বে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নগদ অর্থ বিতরণ ও প্রলোভনের অভিযোগ তুলে ধরে তিনি সতর্কবার্তা দেন ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেওয়া হচ্ছে।

    এই টাকার বিনিময়ে যদি আপনারা নিজেদের বিক্রি করেন তাহলে পূর্বের মতই ভবিষ্যতেও আপনারা আপনাদের স্বামী ও সন্তানদের হারাবেন। তিনি ভোটারদের উদ্দ্যেশে বলেন, সাময়িক সুবিধার জন্য ভোট বিক্রি করলে দীর্ঘমেয়াদে সমাজ ও পরিবারকেই এর মূল্য দিতে হবে।

    একটি রাজনৈতিক দল কৃষকদের ঋণ মওকুফ, কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখাচ্ছে বলেও অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, কৃষকদের সম্মান দিতে হলে লোক দেখানো প্রতিশ্রুতি নয়, বাস্তব ও নীতিগত পরিবর্তন দরকার। ১১ দলীয় ঐক্যজোট সেই নীতিগত পরিবর্তনের পক্ষেই রাজনীতি করছে বলে তিনি দাবি করেন।

    তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এ সময়ে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল।

    তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোটই পারে দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট থেকে দেশকে বের করে আনতে এই ঐক্যজোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এছাড়া টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সাইফুল্লাহ হায়দার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ঘাটাইলে কোন দুর্নীতি, অন্যায়, অবিচার হবে না।

    আইটি পার্ক স্থাপন করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনসহ একটি আধুনিক ঘাটাইল উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয়, জেলা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728