টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক
নাফ নদীতে দুটি কাঠের বোট থেকে জব্দ ২৫ হাজার পিস ইয়াবা
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের নেতৃত্বে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নদীতে অবস্থানরত সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বোট দুটিতে লুকানো অবস্থায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস



