ঠাকুরগাঁওয়ে জনসভায় যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছর পর নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শহরের প্রধান সড়কগুলো ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই জনসভা ঘিরে আগ্রহ দেখাচ্ছেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জেলায় অভূতপূর্ব সাড়া মিলেছে। জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করছি। বিএনপি ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
বিআলো/শিলি



