ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত রাউজানে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরী শ্মশান সংলগ্ন মাঠে ত্রয়োদশ সংঘরাজ, অগ্রমহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- পিআইডি
মানবতা ও শান্তির প্রতীক প্রজ্ঞাবান ধর্মগুরুকে শেষ শ্রদ্ধা জানালেন হাজার হাজার ভক্ত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরী শ্মশান সংলগ্ন মাঠে আজ ত্রয়োদশ সংঘরাজ, অগ্রমহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির-এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি প্রয়াত সংঘরাজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন মানবতা, শান্তি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল বাতিঘর। তাঁর মহাপ্রয়াণে জাতি একজন প্রাজ্ঞ অভিভাবককে হারালো।
তিনি আরও বলেন, সংঘরাজের জীবন ও দর্শন আমাদের ধৈর্য, মৈত্রী ও করুণার শিক্ষা দেয়, যা বর্তমান বিশ্ববাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক। জ্ঞানশ্রী মহাস্থবির সারাজীবন আর্তমানবতার সেবা ও শিক্ষার প্রসারে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
উপদেষ্টা প্রয়াত সংঘরাজের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর নির্বাণ সুখ কামনা করেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার পুণ্যার্থী, ভিক্ষু সংঘের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী সংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবিরের শেষ বিদায় সম্পন্ন করা হয়।
বিআলো/তুরাগ



