ঢাকা-১৭: তারেক রহমানের সমর্থনে বিভিন্ন পেশাজীবীদের নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হওয়া এ প্রচারণা মিছিল ও পথসভায় চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীসহ বিপুলসংখ্যক পেশাজীবী অংশ নেন।
বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুলশান গোলচত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মিছিলে অংশ নেন।
অংশগ্রহণকারীরা তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বিএনপির দাবি-দাওয়া তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও ঐক্যবদ্ধ হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রফেসর ফরহাদ হালিম, প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনিসহ দলের শীর্ষস্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ



