ঢাকা–৪: শারিয়াহভিত্তিক রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোটের আহ্বান ইসলামী আন্দোলনের
ন্যায় ও ইনসাফের রাজনীতির ডাক
ভোট একটি পবিত্র আমানত—পীর সাহেব চরমোনাই
মো: আশিকুর রহমান: শতাব্দীর পর শতাব্দী ধরে ন্যায়বিচার ও ইনসাফের যে স্বপ্ন লালন করে আসছে সাধারণ মানুষ, সেই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে ঢাকা–৪ আসনে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল নির্বাচনী জনসভা। “জন প্রত্যাশার ঢাকা–৪ গড়ি” শীর্ষক এই সমাবেশে শারিয়াহভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ও শায়খুল হাদিস পীর সাহেব চরমোনাই হযরত সৈয়দ রেজাউল করিম (মা.জি.)। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঢাকা–৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের কর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। জনসভার পুরো পরিবেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলার চিত্র লক্ষ্য করা যায়।
সভাপতির বক্তব্যে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম এবং একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু মসজিদ ও মাদরাসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ ও কল্যাণকর বিধান।
তিনি বলেন, গত ৫৪ বছরে এ দেশে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা ও লুটতরাজের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব অনাচারের বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে। যারা বলে ইসলামের কোনো রাজনীতি নেই, তারা ইতিহাস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ সম্পর্কে অজ্ঞ। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং ইসলামের রাজনীতি অস্বীকার করা মানে রাসূল (সা.)-এর আদর্শ অস্বীকার করা।
তিনি আরও বলেন, জনগণের রায়ে হাতপাখা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে ঢাকা–৪ আসনের দীর্ঘদিনের জলাবদ্ধতা, মাদক সমস্যা, সন্ত্রাস, বেকারত্ব ও নাগরিক সেবার সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবেন ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই হযরত সৈয়দ রেজাউল করিম (মা.জি.) বলেন, ইসলামে ভোট একটি পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা মারাত্মক গুনাহ। ভোটের পবিত্রতা রক্ষা করতে হলে পবিত্র প্রতীকে ভোট দিতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা শারিয়াহ আইন বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা নিয়ে রাজনীতি করছে। শারিয়াহ মানে শুধু স্লোগান নয়; শারিয়াহ মানে কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাতের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা এবং সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। অন্য রাজনৈতিক দলগুলো শারিয়াহর নাম ব্যবহার করলেও দেশ পরিচালনা করে মানব রচিত আইন দ্বারা।
এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক আচরণের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। তিনি বলেন, নারীদের মর্যাদা রক্ষা ইসলামের অন্যতম শিক্ষা। যারা নারীদের সম্মানহানি করে, তারা ইসলামের নামে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।
বক্তব্যের শেষাংশে পীর সাহেব চরমোনাই ঢাকা–৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী, আলেম সমাজের প্রতিনিধি ও ইসলামের খাদেম হযরত মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর পক্ষে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যোগ্য, সৎ ও আল্লাহভীরু নেতৃত্বই পারে দেশ ও জাতিকে প্রকৃত মুক্তির পথে এগিয়ে নিতে।
জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশের শারিয়াহভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বানে ইতিবাচক সাড়া দেন।
বিআলো/তুরাগ



