ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট
যশোর-নড়াইলে র্যাব-৬-এর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার
যশোর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যশোর ও নড়াইল জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া র্যাবের এই বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, সদর দপ্তরের নির্দেশনায় যশোরের ৬টি আসনে ১২টি এবং নড়াইল জেলার ২টি আসনে ৪টিসহ মোট ১৬টি টহল দল মাঠে কাজ করছে। বুধবার যশোর জিলা স্কুল মাঠে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে যশোরের ৮২৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বক্স ও আনুষঙ্গিক উপকরণ তুলে দেন। পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্যমতে, যশোর জেলায় এবার মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ৮২৪টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য সমসংখ্যক প্রিজাইডিং কর্মকর্তা ছাড়াও ৪,৬৭৯ জন সহকারী প্রিজাইডিং এবং ৯,৩৫৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত নিকটস্থ থানা বা র্যাবকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/আমিনা



