দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণায় আজ তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (বুধবার) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক মাঠে আয়োজিত জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
তারেক রহমানকে একনজর দেখার আশায় ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মী নাসিমা বেগম ও কাকলী আক্তার জানান, তারা আগের রাতেই বরিশালে এসে অবস্থান নেন। নাসিমা বেগম বলেন, ভোরে নামাজ শেষে মাঠে এসেছেন এবং দেশের জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।
সমাবেশস্থলে বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়েছে। ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা।
২০০৮ সালের পর দীর্ঘ ১৬ বছর পরে এই মাঠে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভাকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় হেলিকপ্টারে বরিশালে পৌঁছে দুপুর ১টার দিকে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।
বিআলো/শিলি



