দাউদকান্দিতে রোমান খন্দকারের নেতৃত্বে যুবদলের বিশাল নির্বাচনি গণমিছিল
মোঃ শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠে সক্রিয় হয়ে উঠেছে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদল। ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের নেতৃত্বে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দোনারচর, গোমতী টোল প্লাজা ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শেষ হয়।
গণমিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। “ভোট দিব কিসে—ধানের শীষে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নেতাকর্মীরা তাদের এই গণমিছিল সম্পন্ন করেন।
সমাপনী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সভাপতি দাউদকান্দি কেএম মাহবুবুল আলম, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লায়ন আলমগীর, বিএনপি নেতা সুমন মিয়া, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন তালুকদার এবং যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিশাল ভোটে বিজয়ী করার আহবান জানান।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিআলো/তুরাগ



