দুর্গম পাহাড়ে নির্বাচনী চ্যালেঞ্জ রাঙামাটি ও চট্টগ্রামের ২৬৭ ভোট কেন্দ্রে দায়িত্বে ৪১ বিজিবি
আব্দুল হাই খোকন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্গম পার্বত্য এলাকায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দুই জেলার সাতটি উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদী।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরের ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন বিনোদন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল কাউসার মেহেদী বলেন, সংসদীয় আসন-২৯৯ রাঙ্গামাটি জেলার কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করে মোট ৮০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করছে কাপ্তাই ব্যাটালিয়ন।
এছাড়া ব্যাটালিয়ানের দায়িত্বাধীন অন্যান্য দুর্গম উপজেলাসহ মোট সাতটি উপজেলায় ২৬৭ ভোটকেন্দ্রে বিজিবি সদস্যরা নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। তিনি বলেন, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মূলত দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় নির্বাচনী দায়িত্ব পালন তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং।
বিশেষ করে রাঙামাটির দায়িত্বাধীন দুটি উপজেলা অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত যেখানে ২৬ টি ভোট কেন্দ্র রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় সাতটি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক আরো বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
এই সময় যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। সীমান্তে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট।
নির্বাচনকালীন যে কোন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির রেপিড অ্যাকশন টিম (RA), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ৪১ বিজিবির ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



