ধর্মের নামে ভোট চাইছে একটি দল: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে।
রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, মা-বোনদের সরলতার সুযোগ নিয়ে বলা হচ্ছে, নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। অথচ কোরআন শরিফে কোথাও এমন কথা বলা হয়নি। আল্লাহর নির্দেশ মেনে চললেই বেহেশত লাভ সম্ভব।
তিনি বলেন, কিছু মহল নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে, তবে এবারের নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। দেশের মানুষ এখন সচেতন, তারা ভোট দিতেই মাঠে নামবে।
বিএনপি মহাসচিব জানান, দলটি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
এছাড়া শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি বলেন, বিএনপি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সব ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারবেন।
বিআলো/শিলি



