৫ কর্মীকে পুলিশে দিয়ে নজির গড়লেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জড়িতদের শনাক্ত করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক ৫ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।
বিআলো/আমিনা



