নাগরিক মঞ্চের সমাবেশে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে কৃষক শ্রমিক পার্টির সমর্থন
হাফিজ রহমান: ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মঞ্চ আয়োজিত এক সমাবেশে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।
৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই সমাবেশে কেএসপির কেন্দ্রীয় সভাপতি লায়ন সালাম মাহমুদ তার বক্তব্যে আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষণা দেন। তিনি জানান, কৃষক শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের বিষয়ে কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
লায়ন সালাম মাহমুদ বলেন, এই সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে পাঠানো হয়েছে। দৈনিক নয়াদিগন্ত, দৈনিক ভোরের ডাক, দৈনিক কালের সমাজ, দেশ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি কৃষক শ্রমিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
নাগরিক মঞ্চ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম। সমাবেশে আরও বক্তব্য রাখেন গুম থেকে ফিরে আসা লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, সামরিক নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, লিবারেল ইসলামী অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন, বাংলাদেশ মানবিক পার্টির চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শুভ, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির মহাসচিব ছিদ্দিকুর রহমান আজাদীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদের অপশাসন—গুম, খুন, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে একটি প্রকৃত জনগণের সরকার প্রয়োজন। তাদের মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে বিজয়ী করার মাধ্যমেই একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া উচিত। একই সঙ্গে তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সমাবেশ থেকে নাগরিক মঞ্চের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণ আর কোনো অপশক্তির উত্থান মেনে নেবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে ১১ দলীয় জোটকে বিজয়ী করে একটি ইনসাফভিত্তিক জনগণের সরকার গঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।
বিআলো/তুরাগ



