নারী হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আখতার হোসেনের
নিজস্ব প্রতিবেদক: নারীদের প্রতি হয়রানি ও সহিংস আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার হারাগাছায় নির্বাচনী পদযাত্রার পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নারীদের নিয়ে কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না।
আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরও দুর্নীতি ও বৈষম্য দূর হয়নি। এসব সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।
তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার চালু, আয়-ব্যয়ের স্বচ্ছতা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন।
পথসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
সভায় আরও বক্তব্য দেন জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা সবাই আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
বিআলো/শিলি



