নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের যৌথ অভিযান
নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য অস্থিতিশীলতা রোধে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে পণ্য মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে গত রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট প্রতিরোধ ও বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ডের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার, কোস্টার, অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, ভোজ্য তেলবাহী জাহাজ দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বিআলো/এফএইচএস



