নির্বাচন ঘিরে হিলি স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, নির্বাচন উপলক্ষে সরকার বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের ব্যবসায়ীদের লিখিতভাবে জানানো হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছেন। শনিবার থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, সরকারি ছুটির কারণে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তাই তিন দিনের জন্য সব কার্যক্রম বন্ধ থাকবে।
বিআলো/শিলি



