নির্বাচনী প্রস্তুতিতে আজ থেকে বাড়তি ম্যাজিস্ট্রেট ও সেনা টহল
বিআলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ রোববার থেকে সারা দেশে দায়িত্ব পালন শুরু করছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও আরও জোরদার করা হয়েছে। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি জাতীয় দৈনিককে জানান, সেনাবাহিনী আগে থেকেই মোতায়েন রয়েছে, আজ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা মাঠে থাকবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সবাই আশ্বস্ত করেছে যে দেশের সার্বিক পরিস্থিতি ভালো এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক পরিবেশ রয়েছে। এদিকে সব ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনী মোতায়েন থাকবে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের নির্বাচনে প্রায় ৯ লাখ ৭০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি, সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড এবং চৌকিদার-দফাদাররা অন্তর্ভুক্ত থাকবেন। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের অধীনে থেকে দায়িত্ব পালন করবে।
বিআলো/শিলি



