নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক নিহত
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে সড়ক দুর্ঘটনায় এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা দুই যাত্রী ভাই ও বোন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডোমার-ডিমলা আঞ্চলিক সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোচালকের নাম আব্দুল মজিদ (৫০)। তিনি জলঢকা উপজেলার ক্লাবেরপাড় ব্রোমোত্তর এলাকার বাসিন্দা আজিজার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ট ২৪-১২৯০ নম্বরের একটি ট্রাক সড়ক দিয়ে চলাচলের সময় হঠাৎ পেছনের একটি চাকা বিস্ফোরিত হয়।
এতে ট্রাকের পাশ দিয়ে যাওয়া একটি অটো উল্টে যায়। দুর্ঘটনার মুহূর্তে অটোচালক আব্দুল মজিদ ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় অটোতে থাকা যাত্রী দুই শিশু স্নেহা (১২) ও রিহান (১৫) আহত হয়। তারা সম্পর্কে ভাই-বোন এবং তাদের পিতা মোজাহার হোসেন।
গুরুতর আহত স্নেহার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে অটোতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত গতিতে ভারী যান চলাচল ও যানবাহনের কারিগরি ত্রুটিকে এমন দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
বিআলো/আমিনা



