পটুয়াখালী-১ আসনে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-১ আসনের দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে তা ভোটকেন্দ্রের ভেতরে নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এতে কেন্দ্রের কোনো ধরনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই কেন্দ্রটিতে স্থাপিত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।
কিন্তু এখন পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। আগুন লাগানোর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্র ও আশপাশের এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুমকি থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে।
তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিআলো/আমিনা



