পশ্চিম তীর নিয়ে ইসরাইলকে সংযমের আহ্বান যুক্তরাষ্ট্রের
আর্ন্তজাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার উদ্যোগের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলটির স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।
সোমবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন পশ্চিম তীরের স্থিতিশীলতা বজায় রাখা ইসরাইলের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি শান্তির জন্য জরুরি। এ কারণেই বর্তমান মার্কিন প্রশাসন একতরফা সংযুক্তিকরণের বিরোধিতা করে আসছে।
রয়টার্সকে দেওয়া ওই কর্মকর্তা জানান, একটি শান্ত ও স্থিতিশীল পশ্চিম তীর ইসরাইলকেই নিরাপদ রাখে যুক্তরাষ্ট্র এই নীতিতে অটল।
ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ সহজ করতে নতুন নিয়ম ঘোষণার পরই ওয়াশিংটনের এই প্রতিক্রিয়া আসে।
নিরাপত্তা ক্যাবিনেট অনুমোদিত নতুন ব্যবস্থায় অবৈধ বসতি স্থাপনের জন্য জমি দখল সহজ হবে। পাশাপাশি হেব্রনের মতো শহরে নির্মাণ অনুমতির ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কেড়ে নিয়ে সরাসরি ইসরাইলি নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৌদি আরব, তুরস্ক, কাতারসহ আটটি মুসলিমপ্রধান দেশ যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



