পাবনায় বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু
এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনায় বিষাক্ত মদ পানে সুমন সরকার (৩৫) ও মামুন (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় মৃতদের পরিবার মুখ খুলতে রাজি হয়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, হাসপাতালের নথিতে তাদের মৃত্যুর কারণ হিসেবে ‘মদ্যপান’ উল্লেখ করা হয়েছে। কোথায়, কীভাবে তারা মদ পান করেছিলেন—তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন বলেন, রাত ১২টার দিকে একজন এবং রাত ৩টার দিকে অন্যজনকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে মারা গেলে স্বজনরা মরদেহ নিয়ে যান। অন্যজনকে রাজশাহী নেওয়ার পথে মারা যান।
এদিকে মৃতদের পরিবার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। সকালে সুমনের মরদেহ দাহ করা হয়। পরিবারের দাবি—তিনি গ্যাস্ট্রিকজনিত কারণে মারা গেছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর মদের বার ‘চাকী বাড়ি’ থেকে ‘পিড’ নামে এক ধরনের বিষাক্ত মদ পান করার পর দু’জন অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বিআলো/ইমরান



