পিরোজপুরের ৩ আসনের মধ্যে দুটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়
জামাল খান, পিরোজপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। তিনি জানান, ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে জেলার ৪১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ হয়। তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।
পিরোজপুর–১
এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। ফলে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এ আসনে মোট বৈধ ভোট ছিল ২ লাখ ৩৯ হাজার ৭৬৪।
পিরোজপুর–২
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৮৯৭ ভোট। ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ২৮৮ ভোট। মোট বৈধ ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ২৩৮।
পিরোজপুর–৩ (মঠবাড়িয়া)
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মো. শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পান ৩৬ হাজার ৬১৬ ভোট। ২৭ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে জয় পান দুলাল। এ আসনে মোট বৈধ ভোট ছিল ১ লাখ ৩৬ হাজার ৯৮৭।
উল্লেখ্য, মাসুদ সাঈদী ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার সাবেক চেয়ারম্যান এবং পিরোজপুর–১ আসনের দুইবারের জামায়াত মনোনীত সংসদ সদস্য দেলোয়ার হোসাইন সাঈদী-এর ছেলে। আহমেদ সোহেল মঞ্জুর ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। রুহুল আমিন দুলাল মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী।
বিআলো/এফএইচএস



