ফটিকছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় হৃদয় কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—২টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি শর্টগান, ১টি এলজি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি রিভলভারের ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড শর্টগানের গুলি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক প্রস্তুতির বিভিন্ন উপকরণ।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিআলো/তুরাগ



