ফ্যাসিস্টের দোসরদের বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে: ড. জালাল উদ্দিন
চাঁদপুর-২ আসনে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: ফ্যাসিস্টের দোসরদের বাদ দিয়ে বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘনিয়ারপাড়ে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, “বিএনপি একটি বৃহৎ ও গণমানুষের দল। এই দলে অনেকের ব্যক্তিগত ক্ষোভ কিংবা মতভেদ থাকতে পারে, কিন্তু ধানের শীষের বিজয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখে সবাই একত্রিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদপুর-২ আসনটি উপহার দিতে হবে।”
তিনি বলেন, দেশের স্বার্থে ও নিজের স্বার্থেই সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। “আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ না হলেও অন্তত ধানের শীষ প্রতীক পছন্দের কারণেই ভোট দেবেন,”—এ আহ্বান জানান তিনি।
ড. জালাল উদ্দিন আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটবে। জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর পাটোয়ারী, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, শিল্পপতি আলহাজ্ব ফিরোজ আহাম্মেদ, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।
ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিআলো/তুরাগ



