বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
মাসুম হাওলাদার, বাগেরহাট : বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানাধীন ৭ নম্বর ষাটগম্বুজ ইউনিয়নের ষাটগম্বুজ মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শেখ মাসুম হাসানের মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে নাজমুল হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার দুর্গাপুর সিংহনগর এলাকার নেছারুল হকের ছেলে। পরে তার হেফাজতে থাকা ১৫টি প্লাস্টিকের খাঁচি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬টি পুটলায় সংরক্ষিত মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের একটি চৌকস দল পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বাগেরহাটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/আমিনা



