বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
অংকন তালুকদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলার সভাপতি রওশন আরা রত্না বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নির্বাচন নয় এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ নতুন দিশা খুঁজে পেয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দুঃশাসনের অবসান ঘটবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানেই শুদ্ধ রাজনীতি ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব। তার নেতৃত্বে সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রওশন আরা রত্না গোপালগঞ্জসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সুযোগ দিতে হবে। এজন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫-১৬ বছরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এর জবাব দেওয়ার।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলেন আর জিয়াউর রহমান সেই স্বাধীনতাকে অনিশ্চয়তা থেকে রক্ষা করেছিলেন।
রওশন আরা রত্না বলেন, ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়। বিএনপি বিজয়ী হলে অর্থনীতি পুনরুজ্জীবিত হবে, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
মহিলা দলের নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। বিএনপির উন্নয়ন পরিকল্পনা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার বিরোধিতা করা যাবে না। বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/আমিনা



