ভূঞাপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নবনির্বাচিত এমপি আব্দুস সালাম পিন্টুর
তারিকুল ইসলাম শিপন, ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে পনের দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব অপকর্ম বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এমপি আব্দুস সালাম পিন্টু বলেন, ভূঞাপুরে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজির স্থান হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা স্বেচ্ছায় সরে দাঁড়ান। তিনি আরও জানান, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন সে লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কোনো পক্ষ যেন প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। জয়ী ও পরাজিত উভয় পক্ষের নেতা-কর্মীরা যাতে কারও বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি না করে, সে বিষয়ে কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ ঘোষণাকে স্বাগত জানান।
তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভূঞাপুরে দীর্ঘদিনের চাঁদাবাজির দৌরাত্ম্য কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, নবনির্বাচিত এমপির এমন কঠোর বার্তা এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে কার্যকর বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর-গোপালপুর আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। সমর্থকরা এ বিজয়কে জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। নবনির্বাচিত এমপি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিজয় ভূঞাপুর-গোপালপুরের মানুষের। সবার সহযোগিতায় এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করবো।
বিআলো/আমিনা



