ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা–১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ভোটের দিন যানবাহন চলাচল সীমিত থাকলেও বয়োবৃদ্ধ ভোটারদের ভোটকেন্দ্রে আনা–নেওয়ার জন্য পর্যাপ্ত রিকশার ব্যবস্থা রাখা হবে। যাতে তারা নিরাপদে ভোট প্রদান শেষে নির্বিঘ্নে নিজ নিজ বাসায় ফিরতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারী) নির্বাচনী প্রচারণার নবম দিনে মিরপুর ১১ নম্বর বাজার রোডের নাভানা ও তালতলা বস্তির সামনের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক জানান, তাঁর নির্বাচনী এলাকায় মোট ১৩৭টি ভোটকেন্দ্র এবং ৬৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সবার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ঢাকা–১৬ আসনে উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে, যাদের ভোটার সংখ্যা প্রায় ৭০ হাজার। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উর্দুভাষী জনগোষ্ঠীকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই এই জনগোষ্ঠীর সঙ্গে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
নির্বাচিত হলে উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন তাঁর অন্যতম অগ্রাধিকার হবে বলেও জানান আমিনুল হক। তিনি বলেন, ইতোমধ্যে তিনি ওইসব এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তাঁরা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের একটি চক্র ঘরে ঘরে গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সংগ্রহ করে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। তিনি বলেন, আগাম ভোটে এনআইডির কোনো প্রয়োজন না থাকলেও কী উদ্দেশ্যে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
আমিনুল হক জানান, বিষয়টি ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিআলো/তুরাগ



